নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। একইসঙ্গে হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং হুমকির মুখে থাকা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে কিউআরএস জানায়, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে অপরাধ ও দুর্নীতিসংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখি করতেন।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরেও আলিফ ফকির হামলার শিকার হয়েছিলেন। তার অনুসন্ধানী সাংবাদিকতার কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় তার নিরাপত্তাঝুঁকির বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে কিউআরএস।
সংগঠনটি বলেছে, সাংবাদিকদের পেশাগত কাজের কারণে সহিংসতার শিকার হতে হলে তা শুধু গণমাধ্যমের স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করে না, জনগণের তথ্য জানার অধিকারও সংকুচিত করে। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
আলিফ ফকিরের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে কিউআরএস নেত্রকোনাসহ সারাদেশের সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কয়েকটি দাবি জানিয়েছে সংগঠনটি।
দাবিগুলোর মধ্যে রয়েছে, হত্যাকাণ্ডের সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখে মূল পরিকল্পনাকারী, সহযোগী ও সরাসরি হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা; আলিফ ফকিরের ওপর আগের হামলার অভিযোগ এবং সে বিষয়ে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা; তার নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত ছিল কিনা এবং কোনও দায়িত্ব পালনে ব্যর্থতা ছিল কি না, তা যাচাই করা।
এ ছাড়া মামলার সাক্ষী, পরিবারের সদস্য, সহকর্মী ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কিউআরএস। হুমকির মুখে থাকা সাংবাদিকদের জন্য নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা, সময়মতো ঝুঁকি মূল্যায়ন এবং পুলিশের কার্যকর পদক্ষেপসহ সমন্বিত সুরক্ষাব্যবস্থা গড়ে তোলারও দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় দ্রুত তদন্ত, প্রমাণের ভিত্তিতে আইনি পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত যাচাইকৃত তথ্য প্রকাশ করা প্রয়োজন।
কিউআরএসের মতে, আলিফ ফকির হত্যার বিচার নিশ্চিত করা মানে শুধু হত্যায় জড়িতদের শনাক্ত করা নয়, বরং সাংবাদিকদের ওপর ভবিষ্যতে সহিংসতা ও হুমকি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়াও। প্রাণনাশের ভয় ছাড়াই সাংবাদিকরা যেন জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম সংগঠন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।