সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন। আগামী ২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯.৩০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ড (সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগান)-এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত থাকবেন।  বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়।