আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় ঢাকার দনিয়া কলেজের সামনে পাপ্পু চৌধুরী নামে ২৮ বছরের যুবককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ অক্টোবর) তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। নাসির উদ্দিন সাথীর পক্ষে আব্দুল্লাহ আল মনসুর রিপন গ্রেফতার না দেখানোর আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াই দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাপ্পু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপ্পু। এ ঘটনায় গত বছরের ২৩ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন আলী চৌধুরী নামে এক ব্যক্তি।

গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে ছয়টি মামলায় গ্রেফতার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।