হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোল চত্বরে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের ১৭ ফেব্রুয়ারি আদালত রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে আদালতের অনুমতি নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকেও ওই দিন তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। গত ১৬ অক্টোবর রিমান্ড শেষে ইনুকে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বরে গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী ২০২৪ সালের নভেম্বরে মিরপুর মডেল থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।