সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ

চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৪০)।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এই মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের সাবেক স্ত্রীর নাম মোছা. সাথী খাতুন (২২)। মামলার অন্য দুই আসামি হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা বলেন, আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। এর মধ্যে গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারও করেছেন। এরপর গত ২২ আগস্ট ওমরাহ করতে সৌদি আরবে যান হিরো আলম। সেখানে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার কথা বলে আরও দুই লাখ টাকা দাবি করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেন হিরো আলম। এরপর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ ছাড়া ১২ অক্টোবর আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপানের এবং বাদীকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।