ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা আবারও গ্রেফতার

সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম  তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেফতার করা হয়। তাকে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।

সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে তার প্রতিষ্ঠানের স্বর্ণ ও হীরা সংগ্রহের উৎস এবং সরবরাহকারীদের বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে।