শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ও নিজস্ব মনিটরিং টিমের মাধ্যমে নজরদারি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এর ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন।
মহাপরিচালক বলেন, পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার-ভিডিপি সদস্যরা কাজ করছেন। পূজামণ্ডপকেন্দ্রিক যেকোনও সমস্যা ও বিশৃঙ্খলা দ্রুত মোকাবিলায় তারা তৎপর রয়েছেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাহিনীর নিজস্ব মনিটরিং টিমের তদারকির আওতায় রয়েছে। গুজব, অপপ্রচার ও উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তার পাশাপাশি পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায়ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।