রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।