ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৩ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি, পাওয়া যায়নি কোনও স্বজনের সন্ধানও।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডের বারান্দায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, কে বা কারা যুবকটিকে ৬০২ নম্বর ওয়ার্ডে রেখে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিনা, সে সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। তাকে দেখে ভবঘুরে মনে হয়েছে।