বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও আব্দুল জব্বার নামে এক আন্দোলনকারীকে গুলি করে গুরুতর জখম করার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ বিষয় নিশ্চিত করে বলেন, দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় মামলার এজাহারনামীয় এক নম্বর আসামিসহ অন্য আসামিদের নির্দেশে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং এলোপাথাড়ি গুলি করা হয়।
এতে আন্দোলনকারী আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর জখম হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন তিনি।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সময় দিলীপ কুমার আগরওয়ালা সশরীরে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে হামলায় অংশ নেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেফতারের স্বার্থে দিলীপ কুমার আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলায় দিলীপ কুমার আগরওয়ালকে ৩১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় গত ১৯ অক্টোবর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।