রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম শেখের গ্রামের বাড়ি নাটোর জেলায়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে শিশু চোর সন্দেহে ঘিরে ধরেন এবং হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি কোনও উত্তর দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনেরা।
একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শেরে বাংলা নগর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।