রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামে পথচারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন পথচারী মো. ইমরান (২৬) টেইলার্সের কারিগর।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত মো. ইমরান জরুরি বিভাগ চিকিৎসাধীন রয়েছে। 

ঢামেকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন জানিয়েছেন, সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন। 

নিহত ব্যক্তি শুধু তার নাম বলেছিলেন ইয়াসিন, তবে তিনি কোথায় থাকেন কী করেন সে বিষয়ে বলতে পারেননি। 

আহত ইমরান জানিয়েছেন, সন্ধ্যায় ৩০০ ফিট এলাকায় ঘুরতে বেরিয়েছিল।

রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি আহত হন। আহত ইমরানের বাসা মগবাজার এলাকায়।