‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 

সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য সব কারণ নিয়ে ইতিমধ্যে পুলিশের একাধিক ইউনিট দুর্বৃত্তদের ধরতে মাঠে নেমেছে। কারও সঙ্গে পূর্ব শত্রুতা, ব্যবসায়িক বিরোধ আছে কি না সেগুলো যাছাই বাছাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।   

ঘটনার পর পরই ঘটনাস্থলে যান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। কথা বলেন, আসিফ আকবরের সঙ্গেও।  পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

তিনি বলেন, বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ছাড়াও এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি আগে থেকেই রাখা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিতে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।

এদিকে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনও বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনও কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। এ সময় তিনি তার অফিসে অবস্থান করছিলেন। এই ঘটনায় আমরা গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছি।

এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, গুলির ঘটনার সময় আসিফ গাড়ির ভেতরে ছিলেন না।