রাজধানীর বাড্ডায় ব্যবসায়ী লোকমান হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার ওপর এ হামলা হয়। এ ঘটনায় শনিবার রাতে বাড্ডা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, শুক্রবার বিকালে বাসায় ফেরার পথে আফতাব নগর আইডিয়ালের সামনে রিকশা থেকে নামিয়ে ৫-৬ জন অপরিচিত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতুড়ি চাপাতি হকস্টিক ব্যবহার করে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
লোকমান হোসেনকে চিকিৎসার জন্য শ্যামলী পঙ্গু হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শী কয়েকজন। চিকিৎসা নিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে প্রিন্স নামক এক ব্যক্তি অজ্ঞাত ফোন নাম্বার থেকে কল দিয়ে এ ব্যাপারে মুখ খুললে পুনরায় হামলা করে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী লোকমান হোসেন।
এর আগে একটি ভবন নির্মাণের জন্য রাজউকের ছাড়পত্র অনুমোদন করে দেওয়ার কথা বলে চুক্তিতে মিন্টু নামক এক ব্যক্তি ৩০ লাখ টাকা নিয়ে যান। ১৫ কার্যদিবসে ছাড়পত্র অনুমোদন আনার কথা থাকলেও প্রায় দেড় বছর পার হয়ে গেলেও আশানুরূপ ফল না পাওয়ায় পাওনা টাকা ফেরৎ চান লোকমান ও তার সহযোগীরা। ফলে তাকে মিন্টুর সালা সোহাগ হুমকি দেওয়ার পাশাপাশি আরও ২০ লাখ টাকা দাবি করেন।
হুমকির পর দিনই আফতাবনগর এলাকায় এ হামলা হলো লোকমানের ওপর। গুরুতর আহত হয়ে তিনি এখন চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।