ফারুকী হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

টেলিভিশনউপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা ও ডাকাতির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৫অক্টোবর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালতে এ শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী রাশিদুল ইসলাম।

এদিন জামিনে থাকা আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন।

মামলার দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ফারুকীর বাসার কলিং বেল বাজায় দুর্বৃত্তরা। দরজা খুললে দুজন বাসায় প্রবেশ করে তার সঙ্গে ড্রয়িং রুমে বসে। কিছুক্ষণ পর আরও ছয়-সাতজন বাসায় ঢোকে। এ সময় ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন চেয়ার আনতে ভেতরে গেলে ফিরে এসে দেখেন, আসামিরা ফারুকীর মাথায় পিস্তল ও চাপাতি ধরে রেখেছে।

পরে বাসার সবাইকে বেঁধে ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় বাসা থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও ক্যামেরা নিয়ে যায় তারা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ৫ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম। হত্যা মামলা হিসেবে দায়ের হলেও তদন্তে খুনের পাশাপাশি ডাকাতির অভিযোগও উঠে আসে।