ইলিয়াস আলী গুম: জিয়াউল-সাইফের প্রতিবেদন দাখিলের সময় বাড়লো

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় দিয়ে আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

মামলার অপর আসামি বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। তিনি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল।

ট্রাইব্যুনালে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময়ের আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

পরে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। জিয়াউলকে আগেই গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জিয়াউল ও সাইফের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। তাদের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে দুজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।