ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আওয়ামীপন্থী আইনজীবী। সোমবার (২৬ অক্টোবর) ওই দুই আইনজীবীর হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হন। তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে বিষয়টি কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

এদিকে এ মামলাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। এ সময় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। সংশ্লিষ্ট মামলা ছাড়া আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে আসা অন্য আইনজীবীদেরও নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন অভিযুক্ত দুই আইনজীবী। তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার কারণে তাদের সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন ওই দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় রায় নিয়ে তাদের বিরূপ মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণেই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।