যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনি (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিসাত মিয়া (২৭) নামে আরেক যুবক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনুমানিক সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট ডেমরা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, সকালে ওই এলাকায় কয়েকজন যুবক মিলে ছিনতাই করে। সেই অভিযোগে সেখানকার লোকজন তাদের ধাওয়া দেয়। অভিযুক্তদের মধ্যে অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে মারধর করা হয়। এতে জনি নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিশাত নামে আরেকজনকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। 

পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মৃত জনির বাসা যাত্রাবাড়ী কাজলার পাড়ে মাতবর গলি এলাকায়। তার বাবার নাম মৃত আবুল কাশেম। আর আটক আহত নিশাতের বাসা যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায়। তার বাবার নাম মহসিন মিয়া।