পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় মামলা করেছে মেলা কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াইশো ব্যক্তিকে আসামি করা হয়েছে।  

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল নষ্ট হ‌ওয়ার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

পুরোনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আন্দোলন শুরু করেন শেকৃবি শিক্ষার্থীরা। তাদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। এরশাদ সরকারের আমলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মাঠটি ব্যবহার করা হয়।

২০২২ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পর থেকে মাঠটি ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। সম্প্রতি সেখানে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে এর প্রতিবাদেও আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীরা।

গত বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে আন্দোলনের এক পর্যায়ে তারা এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন।