পাসপোর্টের ৭ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৭ জনকে আটকপূর্বক বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে এসআরবি-২-এর ভ্রাম্যমান আদালত।

সোমবার (২ নভেম্বর) এসআরবি-২-এর উপ-অধিনায়ক এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।

এসআরবি জানায়, সোমবার এসআরবি-২ এর একটি আভিযানিক দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১২ জনকে আটক করে। পরবর্তী সময়ে এসআরবি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত আটককৃতদের মধ্যে অপরাধ বিবেচনায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। তন্মধ্যে ১ জনকে ১০ দিনের বিনাশ্রম, ২ জনকে ৭ দিনের বিনাশ্রম এবং ৪ জনকে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের মধ্যে বাকি ৫ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালালচক্রের সাথে কোন সংশ্লিষ্টতা না পাওয়ার ছেড়ে দেওয়া হয়।

এসআরবি আরও জানায়, দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পার্সপোর্ট সেবা প্রত্যাশিদের নিকট হতে পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র করে দেওয়ার আশ্বাস দিয়ে এমনকি অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও পারপোর্ট না দেওয়া বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করার অসংখ্য অভিযোগ আসে এসআরবি-২-এর নিকট। 

আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালালচক্রের বিরুদ্ধে এসআরবি-২-এর তৎপরতা অব্যাহত থাকবে।