ডেঙ্গু আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে চাইলেন সময়

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করেছেন।

ফুয়াদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব‍্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তিনি অসুস্থ। এ কারণে তিনি হাজিরের জন্য সময় চেয়েছেন। আদালত সময় দিয়ে ২৩ নভেম্বর হাজিরের জন্য দিন রেখেছেন।

বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

৪ নভেম্বর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়।

১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। দলটির একটি অনুষ্ঠানে তিনি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইনে তিনি বলেছেন, এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’

তিনি আরও জানান, এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এসেছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার ফুয়াদকে ৪ নভেম্বর সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর জানান, বক্তব্যটি ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেওয়া হয়েছে এবং ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করা হয়েছে।