অক্টোবরে ডিএমপির মামলা নিষ্পত্তি: ফৌজদারি ৬৭১৪, ট্রাফিকের ৫০৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে অক্টোবরে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবরে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে নিষ্পত্তি করা ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় অর্থদণ্ড আদায় করা হয় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা এবং নিলাম বা বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান চালানো হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।