বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন, পোস্তগোলার ভাঙারি দোকনের কর্মচারী আরিফুর রহমান (৪০) ও ফালু (৫৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ফালু, আর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান আরিফুর।

আরিফুরকে হাসপাতালে নিয়ে যাওয়া চা দোকানি আবুল হাসান জানান, সকালে বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেটকারের। এরপর মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক মুমূর্ষু আরিফুর নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেন।

পোস্তগোলার আরেক ভাঙারি ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, মিতু এন্টারপ্রাইজ নামে তার দোকানেই কাজ করতেন আরিফুর। ফালু পাশের ভাঙারি দোকানের কর্মচারী। সকালে আরিফুর ও ফালু গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন পুরাতন মালামাল কেনার জন্য। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান রাব্বি।

নিহত আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে মারা যান। কাভার্ডভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।