‘বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরে ট্রাভেল পাসের প্রয়োজন নাই’

বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের প্রয়োজন নাই বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের কোনও প্রয়োজন নাই। প্রথমে ভারতের আদালতে আত্মসমর্পণ/গ্রেফতার করতে হবে। ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ট্রাভেল পাস চায় কেন?

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন মহলের আলোচনায় উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাভেল পাস দেওয়া হবে কি না।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনও সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।