দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠলো যাত্রাবাড়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট

মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠেছে যাত্রাবাড়ী। একই স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের উচ্চশব্দে আতঙ্কও ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার দিবাগত রাত ১টার পরপরই এসব বিস্ফোরণ ঘটে। 

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত অফিসার এসআই সালাউদ্দিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছেন। আশপাশের সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।

আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলে করে দু’জন ব্যক্তি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ তারা চৌরাস্তা মোড়ে ককটেল বিস্ফোরণের আওয়াজ পান। একইসঙ্গে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে করে লোকজনের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশও উপস্থিত হন।