রাজধানীতে ককটেল বিস্ফোরণ: একাধিক অভিযানে গ্রেফতার ১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ডিএমপির একাধিক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) রাত থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

রাজধানীর রুপনগর থানা সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে থানা-পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিনকে (২৭) গ্রেফতার করা হয়।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানার গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চার জন, ডিবি পাঁচ জন ও এসআরইউ তিন জনকে গ্রেফতার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।