ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হলে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।