রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীতে বাসে আগুনসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে রয়েছি। ইতিমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছি।

এছাড়া রাজধানীর টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপকারী সন্দেহে ছাত্ররা একজনকে আটকও করেছে। 

এছাড়া জেলা জজ কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুজনকে আটক করেছে। শ্যামপুরা থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সন্ধ্যার দিকে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। 

এছাড়া সকালে তিতুমীর কলেজ ও রামপুরা বনশ্রী এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে।