শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানাতে হবে। এটিই তার দেশে ফেরার সঠিক পন্থা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।’

তিনি বলেন, শেখ হাসিনা ভারত সরকারের কাছে এ ধরনের কোনো লিখিত আবেদন করেছেন বলে তার জানা নেই। বিভিন্ন সময়ে যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী দণ্ডিত আসামিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

পাসপোর্ট আইনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দেওয়া যাবে না। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধানও রয়েছে।

আমিনুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ ধরনের অপরাধকে আইনের ভাষায় মোরাল টারপিটিউড বা নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ফলে তিনি দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই।

তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী, দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। তাই পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দণ্ডিত হওয়ার আগ থেকেই পলাতক জীবন যাপন করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তিনি বিচারপ্রক্রিয়া এড়িয়ে গেছেন।

রায় প্রকাশের পর শেখ হাসিনা কোনো আপিল করেননি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ ছিল। সেই সময়ের মধ্যে তিনি আপিল করেননি। এখন তার আর আপিল করার আইনগত সুযোগ নেই।

তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কীভাবে পাসপোর্ট দেবে? রাষ্ট্র বা সরকার যদি একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তা বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করার শামিল হবে।

আসতে চাইলে ভারত সরকারের কাছে আবেদন করুন

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে মামলা চলমান অবস্থায় তিনি ফিরে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগও ছিল।

তিনি বলেন, ‘তার আসার সদিচ্ছা থাকলে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তা না করে তিনি শুনি হুট করে ঢুকে পড়বেন, কখনো তার নেতাকর্মীদের কাছ থেকে শুনি চার্টার্ড বিমানে আসবেন, আবার শুনি পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চলে আসবেন।’

এসব বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কর্মী বিভিন্ন জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘এগুলো শুনে আওয়ামী লীগের অবুঝ বা নির্বোধ কর্মীরা নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করেন। এটি যারা করছেন, ভেস্টেড কোয়ার্টার শেখ হাসিনার নাম ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতার অপতৎপরতা চালাচ্ছেন।’

শেখ হাসিনাকে রাজনৈতিক অস্থিরতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিশেষ কোনো উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হচ্ছে কি না, কোনো মহলের স্বার্থে শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না কিংবা তার দলের কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, তা স্পষ্ট নয়।

মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়টি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, আইনে রায় প্রকাশের ৩০ দিন পর আপিল গ্রহণযোগ্য না হওয়ার বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে এখন রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।