রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে কুপিয়ে আইফোন ও টাকাসহ ওয়ালেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম তানভীর (২৯)। তিনি ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকার পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন তিনি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তানভীরের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়।
তানভীরের বড় ভাই মো. হাসান সরকার জানান, মঙ্গলবার দুপুরে আটিবাজার থেকে বছিলা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তানভীর। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনার কথা ছিল তার। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আগে ফুটওভারব্রিজের নিচে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল।
হাসান বলেন, ছিনতাইকারীরা প্রথমে তানভীরের মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে কোপাতে শুরু করে। তার ডান হাত ও পিঠে ১২ থেকে ১৪টি কোপ দেওয়া হয়। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ছিনতাইকারীরা তানভীরের আইফোন ১৬ প্রো ম্যাক্স ও ওয়ালেট নিয়ে গেছে বলে জানান হাসান। ওয়ালেটে ছয় থেকে সাত হাজার টাকা ছিল। বর্তমানে তানভীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে তারা থানায় যাবেন বলে জানান তার বড় ভাই।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।