বছর তিনেক আগে ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর পুঁতে রাখার ঘটনায় করা মামলায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালত বুধবার অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।’
বিচার শুরু হওয়া আসামিরা হলেন— হত্যার শিকার নারীর স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।
আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে আছেন। শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা জামিনে থেকে হাজিরা দেন।
গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে হয়। আদালত আদেশের জন্য রাখেন ৩০ সেপ্টেম্বর। ওইদিনও তা পিছিয়ে রাখা হয় ১৯ অক্টোবর। আবারও পিছিয়ে ১১ নভেম্বর রাখে ট্রাইব্যুনাল।
এদিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
আসামিদের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেছিলেন।
২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অপর আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন।
আফরোজাকে খুন করে কানাডা পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।