রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহনের’ দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে পল্লবী থানার সেকশন-১২ এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাস ও অভিজাত পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তারা মোটরসাইকলে এসে এমন কাণ্ড ঘটিয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ বলছে, আগুনে বিকল্প পরিবহনের বাসটির প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।