রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার পাঠাও চালক মো. আশরাফুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে রূপনগর থানার সেকশন-৭ পশ্চিমের ব্লক-ডি, রোড-৪ এর আরামবাগ মেইন রোডে নুসাইবা জেনারেল স্টোরের সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলের কাছেই টহলরত ছিল। বিস্ফোরণের পর পুলিশ সদস্যরা জড়িতদের আটকের চেষ্টা করলে অন্যরা পালিয়ে যায়। তবে দৌড়ে পালানোর সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আশরাফুলকে আটক করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি সবুজ রঙের ভাঙা জর্দার কৌটার অংশ, তিন টুকরা সাদা স্কচটেপ এবং ৯টি তারকাঁটা জব্দ করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পলাতক আরও কয়েকজনের নাম-ঠিকানা জানিয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে আশরাফুলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় তার সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়েও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে।
এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল দাবি করে, জসিম নামে এক ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে বাধ্য করে। সে পেশায় পাঠাও চালক। অসুস্থ মাকে চিকিৎসার জন্য নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া-আসার কারণে রাতে মোটরসাইকেল গ্যারেজে রাখার পর জসিম তাকে ডেকে একটি কাজের কথা বলে। পরে ককটেল নিক্ষেপের নির্দেশ দেয়। পরিবারের নিরাপত্তা ও মায়ের অসুস্থতার কথা চিন্তা করে ভয়ে সে রাজি হয় বলে দাবি করে।
আশরাফুলের ভাষ্য অনুযায়ী, পল্লবী বিদ্যানিকেতনের সামনে থেকে একটি অটোরিকশায় উঠে রূপনগর থানার সামনে গিয়ে ককটেলটি নিক্ষেপ করে। পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়।
জসিম সম্পর্কে আশরাফুলের দাবি, সে মিরপুরের ৭ নম্বর এলাকায় থাকে এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে দেখা গেছে।