শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে— তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত দেখিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে।

বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি জানান, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।

বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘‘আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে ‘ডিলে কনডোনেশন’ বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল বা কনসিকোয়েন্স কী হতে পারে, তার বড় উদাহরণ  আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি।’’

সংশ্লিষ্ট ব্যক্তি (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কীভাবে দেশে ফিরবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘উনি কীভাবে ফিরবেন সে ব্যাখ্যা আমি দেবো না। আমি আইনের কথাটুকু বলতে পারি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। তিনি যদি মনে করেন— আইনের সামনে নিজেকে সোপর্দ করবেন, তবে আসতে পারেন। কিন্তু তাকে তো আইন মানতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।’’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আপিল দায়েরের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়টি আদালতের বিবেচনায় আসবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।