ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে নেত্রকোনার তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাছির আহমেদ।
ঢাকার আদালতে বিচার চলাকালে কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছিলেন হত্যা মামলার এই আসামি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ঘটনা ঘটে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর দক্ষিণখান থানার গার্মেন্টস কর্মী আলো হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে হাজির করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে তাকে কাঠগড়ায় রাখা হয়।
দুপুরে আদালতের কার্যক্রম শেষে আসামিকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যের নজর এড়িয়ে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যান কাউসার। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আসামিকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি জানান, কাউসারকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। পরে আসামির কাস্টডি নিতে আদালতের সামনে গেলে সেই সুযোগে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।
পলাতক কাউসার মিয়া নেত্রকোনার বাসিন্দা। তার বাবার নাম রুকু মিয়া। দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আটক ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ছুরিকাঘাতে নিহত হয় ১৭ বছর বয়সী কিশোরী আলো। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের একপর্যায়ে একই দিন টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করে। পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি আলোর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানান। তার দাবি, ঘটনার আগে আলো তাঁকে এড়িয়ে চলছিল এবং অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল।
জবানবন্দিতে কাউসার আরও জানান, ঘটনার দিন রাতে আলোর বাসার সামনে অপেক্ষা করছিলেন তিনি। রাত ৯টার দিকে আলো বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে তাকে আটকে কথা বলার চেষ্টা করেন। আলো রাজি না হওয়ায় ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দক্ষিণখান থানা পুলিশ। পরবর্তী সময়ে ২০২২ সালের ২০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।
মামলায় নিহত আলোর বাবা রবিউল ইসলাম ও তার বড় বোন রাব্বিনা আক্তার ইতোমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আদালত থেকে পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তদন্তকমিটি গঠন করা হয়।