খুব কাছে গিয়েও উদ্ধার করা গেলো না আসিফ নজরুলের মোবাইল ফোন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। খুব কাছে গিয়েও উদ্ধার করা যায়নি মোবাইল ফোন সেটটি।

এসআরবি বলছে, রাজধানীর মিরপুরে মোবাইল ফোন সেটটির অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেও শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন সিম কেনায় এবং পুরোনো সিমটি বন্ধ হয়ে যাওয়ায় ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের বলেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য আর মিস কমিউনিকেশন বলতে হবে। এর মধ্যে আসিফ নজরুল স্যার নতুন একটি সিম কিনে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় সোবহানবাগ এলাকায় আসিফ নজরুলের মোবাইল ফোনটি ছিনতাই হয়। গাড়ির খোলা জানালা দিয়ে এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে।

মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি তদন্ত শুরু করছে।