শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ মুজিবুর রহমানের করা আইন অনুযায়ী, শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা যখন বাংলাদেশ ছাড়িয়ে ভারতের গণমাধ্যমেও শিরোনাম হচ্ছে, তখন এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারের।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন বিষয়টি ভারতের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার তদন্তে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে সকালে সাব-রেজিস্ট্রারদের সাধারণ সভায় মন্ত্রী বলেন, ভুমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে পাবলিক পারসেপশন খারাপ; এ থেকে দ্রুত বের হতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে; এর পরও হয়রানি হলে জিরো টলারেন্স।