রাষ্ট্রদ্রোহিতা কী, আইনে কী আছে?

রাষ্ট্রদ্রোহিতা বলতে রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সাংবিধানিক শাসনব্যবস্থার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায়। সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও গ্রেফতারের ঘটনায় বিষয়টি সামনে এসেছে। মূলত বাংলাদেশের প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ও বিচারসংক্রান্ত বিধান রয়েছে দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৪ক ধারায়।

এর আগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। গত ১৪ নভেম্বর রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়া সাপেক্ষ।

সংশ্লিষ্ট আইনের ধারা অনুসারে, রাষ্ট্রের আইনসম্মত সরকারকে ঘৃণা, অবজ্ঞা বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার মতো কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের আওতায় আসতে পারে। তবে কোনও বক্তব্য বা সমালোচনা করলেই তা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায় না; অভিযোগের উপাদান ও প্রেক্ষাপট আইনি পরীক্ষার বিষয়।

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৪ক ধারা অনুযায়ী, কথার মাধ্যমে, লিখিত বক্তব্যে, চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, অবজ্ঞা সৃষ্টি কিংবা অসন্তোষ উসকে দেওয়া বা দেওয়ার চেষ্টা রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

এ অপরাধের শাস্তি হিসেবে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। ক্ষেত্রবিশেষে শুধু জরিমানার বিধানও রয়েছে।

আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, সরকারের কোনও নীতি বা প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা করে আইনসম্মত উপায়ে পরিবর্তন দাবি করা রাষ্ট্রদ্রোহের অপরাধ নয়, যদি তাতে সরকারের প্রতি ঘৃণা, অবজ্ঞা বা অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা না থাকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আদনান ইয়াজদানি মনে করেন, সরকারের সমালোচনা এবং রাষ্ট্রদ্রোহিতা এক বিষয় নয়। কোনও কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে কি না, তা নির্ভর করবে অভিযোগের প্রকৃতি, প্রমাণ ও আইনের উপাদানের ওপর।