হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করেছেন বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যরা। জব্দ করা ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন উচ্চমূল্যের ওষুধ রয়েছে।
আনসারের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের রো-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় সেটিকে সন্দেহজনক মনে হয় দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের (২৭ বিএন)। পরে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন তিনি। এ সময় কাস্টমস ছাড়পত্রহীন ব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়।
ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমসকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে আসেন এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।
পরে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হয়। তাঁর উপস্থিতিতে জব্দ করা সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে।