রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। চার-পাঁচ জন যুবক প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালায়। এতে দুজন আহত হন।
আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে ব্যবসা বন্ধ করা যাবে না।’ তাঁদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, ১৫-২০ দিন আগে গুজা বাদশা ও জনি মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তারা হুমকি দিয়েছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাম হাতে গুলি লেগেছে।
আহত হাবিব চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দুলাল মিয়ার ছেলে। সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউসুফ মিয়ার ছেলে। তারা দুজনই ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকতেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।