বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, তার সাবেক স্বামী রমজান আলী মাদবর এবং নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মিরপুর থানার ওমর ফারুক শাকিল হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে এবং তোফাজ্জল হোসেন খান হত্যা মামলায় আশিকা সুলতানাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এদিন আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবরের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. হাফিজুল ইসলাম ।
অপরদিকে তোফাজ্জল হোসেন খান হত্যা মামলার আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তোফাজ্জল হোসেন খান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার প্রাথমিক তদন্তে আশিকা সুলতানার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
আশিকা সুলতানা আগে থেকেই অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে তোফাজ্জল হোসেন খান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
তদন্তের স্বার্থে তিনজনকেই পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।
সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
অপরদিকে ২০২৬ সালে ২৫ জুন মিরপুর থেকে গ্রেফতার হন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ আশিকা সুলতানা।