রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি বাসের ভেতর জিম্মি করে রাখা দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-যাত্রাবাড়ী জোন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আটক ব্যক্তির নাম মো. ইয়াসিন (৩২)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিশা পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেন দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা। বাসের কাগজপত্র যাচাই করতে চাইলে ভেতরে থাকা দুই যাত্রী পুলিশকে জানান, চালক, হেলপার ও সুপারভাইজার তাঁদের জিম্মি করে রেখেছেন। মুক্তিপণ হিসেবে তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে।
এ সময় ট্রাফিক পুলিশ বাসের সুপারভাইজার ইয়াসিনকে আটক করে এবং বাসটি হেফাজতে নেয়। তবে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান।
পরে গ্রেফতার ইয়াসিন ও হেফাজতে নেওয়া বাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।