ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন সাঈদ খোকন। ওই ভিডিওবার্তায় তিনি দাবি করেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেন।
এসআরবি সূত্র জানায়, এসআরবি-১ এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে সকালে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেফতারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, ডিবি হেফাজতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। কেন মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো হবে।
সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগে মামলা ও অনুসন্ধান চলছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও মামলা রয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একইসঙ্গে গুলশানে তার ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।
সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।