উত্তরায় বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক নিহত

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে হাসান। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

নিহতের সহকর্মী আতর আলী জানান, হাসান পিপিবি পরিবহনের একটি বাসের সুপারভাইজার ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করতো। দুর্ঘটনার সময় হাসান বাস থেকে নেমে সামনে এগিয়ে গিয়েছিলেন। পরে ওই বাসের ধাক্কায় তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।