তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন

জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আনসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ ধৈর্য, সংযম ও মানবিকতার পরিচয় দিচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় বলপ্রয়োগ এড়িয়ে বাঁশি ও কৌশলী অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন এসব সদস্য। একইসঙ্গে সরকারি স্থাপনা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন তারা।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের মনোবল চাঙা রাখা এবং কার্যক্রমের মান নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত তাদের কার্যক্রম তদারকি করছেন। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।