আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ সাংবিধানিক দায়িত্ববোধ থেকে নোটিশটি পাঠিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে নোটিশদাতা স্পষ্ট করেন যে, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নন; বরং সংবিধানের অনুচ্ছেদ ২১(১) অনুযায়ী দেশের সার্বভৌম স্বার্থ, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে এই দায়িত্ব পালন করছেন।
নোটিশে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তুলে ধরে বলা হয়, দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্য সংরক্ষিত রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘকালীন অবস্থান রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি করে।
নোটিশে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ইতিহাসের ভয়াবহ দৃষ্টান্ত তুলে ধরে সতর্ক করা হয় যে, কোনো দেশের সাবেক বা ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘ অবস্থান সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চরম বৈরিতা, সার্বভৌমত্বের বিপর্যয় ও ধ্বংসাত্মক সামরিক সংঘাতের সূত্রপাত ঘটায়। উদাহরণস্বরূপ, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর— সেখানে তাঁর দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং ইয়েমেনে এক ভয়াবহ ও ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের সূচনা করেছিল।
একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সেখানে তার দীর্ঘ অবস্থান ভূ-রাজনৈতিক অনুঘটক হিসেবে কাজ করে, যার ফলে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ সামরিকভাবে দখল করে নেয় এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। নোটিশদাতা আশঙ্কা প্রকাশ করেন যে, ইয়েমেন ও ইউক্রেনের অনুরূপ ভূ-রাজনৈতিক পরিণতি এড়াতে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈরিতা বা সশস্ত্র সংঘাত প্রতিরোধ করতে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের সার্বভৌম এখতিয়ারে ফিরিয়ে আনা অপরিহার্য।
নোটিশে আরও বলা হয়, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী সকল নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনা আইনের আশ্রয়লাভের অধিকার রাখেন। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে গঠনমূলক আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে নিম্নোক্ত ধাপগুলো বিবেচনার কথা বলা হয়েছে:
প্রথমত, কূটনৈতিক ‘নোট ভার্বাল’ প্রেরণ: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো যেতে পারে। এই পত্রে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের আনুষ্ঠানিক কূটনৈতিক সহযোগিতা চাওয়া হবে।
দ্বিতীয়ত, নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রবেশ ও আত্মসমর্পণ: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী যেকোনো দেশের দূতাবাস বা হাইকমিশন প্রাঙ্গণ কূটনৈতিকভাবে অলঙ্ঘনীয় এবং নিজ দেশের সার্বভৌম এলাকার মর্যাদা পায়। এই আইনি সুযোগ কাজে লাগিয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনাকে প্রবেশের প্রয়োজনীয় ব্যবস্থা ও সুযোগ করে দেওয়া যেতে পারে এবং সেখানে তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন।
তৃতীয়ত, বাংলাদেশ পুলিশের বিশেষ দল প্রেরণ ও গ্রেফতার: আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দলকে দিল্লিতে পাঠানো যেতে পারে। তারা হাইকমিশন প্রাঙ্গণের ভেতরেই শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে নিজেদের আইনি হেফাজতে নেবে।
চতুর্থত, ট্রাভেল পাস বা পারমিট ইস্যু ও পুলিশের পাহারায় বিমানযোগে প্রত্যাবাসন:নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য আনুষ্ঠানিক ‘ট্রাভেল পাস’ বা ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করবে। এরপর বাংলাদেশ হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট, অথবা বিশেষ চার্টার্ড বিমানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক কড়া নিরাপত্তা ও পাহারায় তাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
পঞ্চমত, টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা ও হেলিকপ্টারে স্থানান্তর: তিনি দেশে পৌঁছানোর পূর্বেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করে— গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনার পৈতৃক বাসভবনটিকে একটি বিশেষ ‘সাব-জেল’ (উপ-কারাগার) হিসেবে ঘোষণা করতে পারে। বিমানযোগে ঢাকায় অবতরণের পরপরই জনশৃঙ্খলা বজায় রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়ানো এবং তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ পুলিশের হেলিকপ্টারযোগে তাকে টুঙ্গিপাড়ার ওই সাব-জেলে নিয়ে রাখা যেতে পারে।
ষষ্ঠত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগ: আইনি হেফাজতে ফেরার পর যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন।
যদিও ওই আইনের ২১(৩) উপধারায় দণ্ডাদেশ প্রদানের তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত রয়েছে, তথাপি উপযুক্ত কারণ প্রদর্শন সাপেক্ষে বিলম্ব মার্জনা করে মূল বিষয়ের ওপর আপিল শুনানির জন্য গ্রহণ করার সহজাত বিচারিক ক্ষমতা ও সাংবিধানিক এখতিয়ার আপিল বিভাগের রয়েছে।
সপ্তমত, অন্যান্য সাধারণ মামলার ভার্চুয়াল বিচার ও চূড়ান্ত রায় কার্যকর: দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য সাধারণ দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবং বিচারকাজ সচল রাখতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুযায়ী অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা যেতে পারে। পরিশেষে, সকল আপিল ও আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকার তা কঠোর ও নিরপেক্ষভাবে কার্যকর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে এসব কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।