আদালত চত্বরে মারধরের শিকার সেই আইনজীবী কারাগারে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে মারধরের শিকার আওয়ামী লীগপন্থি আইনজীবী ও যুবলীগ নেতা অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন— ওবায়দুর রহমান সুদাইচ  ও মো. সুমাইয ইসলাম। পুলিশের প্রতিবেদনে সোহাগকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিনে চেয়ে আবেদন করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আসামি পক্ষের আইনজীবী তপু নাসরিন শুনানিতে বলেন, গতকাল (১৭ নভেম্বর) কোর্টে আমাদের ওপর বহিরাগতরা এসে মব করেছে। বিচারককের উদ্দেশে তিনি বলেন, মঙ্গলবার  এই সময়ে আপনার কোর্টে জামিন শুনানি করেছি (বাবুল আক্তার নামে একজন আসামির)। এরপরে সাঈদ খোকনের শুনানি করতে গেলে তারা তাকে মব করে। যেখানে আমি নিজেও ভুক্তভোগী। আমাকেও হেনস্তা করা হয়েছে।

এসময় আসামি নিজে আইনজীবী হওয়ায় তিনি নিজেও শুনানি করতে আদালতের কাছে অনুমতি চাইলে বিচারক বলেন, এক মিনিটের মধ্যে বলতে বলেন।

বিচারকের অনুমতি নিয়ে নিজের জামিন শুনানিতে অ্যাডভোকেট সোহাগ বলেন, গত ১৭ নভেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় ৩৩ নম্বর কোর্টে উপস্থিত হই। সেখান থেকে আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে বের করে দেয়। আমাকে প্রায় এক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়। তারা আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে নিচে নামিয়ে আনেন। এর মধ্যে আমার জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমি নিজেকে আবিষ্কার করি একটা ভ্যানের ওপর। আমাকে দেখে অনেকে মনে করেছে লাশ। আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিলো আসামি।

এসময় বিচারক বলেন, জনগণের কাছে থেকে আপনাদের পুলিশ হেফাজতে নিয়েছি, এটা অ্যাডমিটেড। জামিন বিষয়ে আপনি বলুন।

এর সোহাগ আরও বলেন, গত ৯  তারিখে আদালতের সামনে বোমা হামলার ঘটনায় আমার কোনও সম্পৃক্ততা নেই। আমি একজন আইনজীবী হিসাবে কেন বোমা হামলা করবো। একজন আইনজীবী বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। আমি জামিন পাওয়ার হকদার।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, তারা দিনে আসেন আদালতে ওকালতি করতে। আর রাত হলে বোমা নিক্ষেপ করেন, গাড়িতে আগুন দেন, ভাঙচুর করেন। ওনাদের নির্দেশে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আসামি সোহাগ এই ঘটনায় সঙ্গে জড়িত। আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি।

এরপর বিচারক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে ধারায়। এটা সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। জামিন দিতে হলে রাষ্ট্রপক্ষকে আরও ব্যাপকভাবে শুনতে হবে। প্রাথমিকভানে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। এই পর্যায়ে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুই জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

পরে এই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোহাগ, সুদাইচ ও সুমাইযকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। গত ১৭ নভেম্বর রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে উত্তেজিত জনতার কাছ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। আটকের আগে উত্তেজিত জনতার মারধরে সোহাগ আহত হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড)প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।