দেশে নাশকতার উদ্দেশে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুই কেজির বেশি গান পাউডারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের হোয়াটসঅ্যাপ থেকে গান পাউডার বিতরণের তথ্য পাওয়া গেছে।’
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম এসব কথা বলেন।
ডিবি প্রধান জানান, এর আগেও তারা গান পাউডারের চালান এনেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ পুলিশকে জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করে। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসে। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে।
ঢাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাদাবি ও হামলার বিষয়ে ডিবি প্রধান বলেন, ‘যেখানেই হামলা হোক, ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘অন্য যেকোনও সময়ের তুলনায় পরিস্থিতি ভালো। এখনও মব হচ্ছে, তবে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা।’ আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই বলে তিনি দাবি করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ব্লক রেইড চলছে জানিয়ে ডিবি প্রধান বলেন, নাগরিকদের নিরাপত্তা নিয়ে ডিএমপি সতর্ক রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি আমলে নিচ্ছে না ডিবি।
ডিবি প্রধান জানান, গত ১৬ নভেম্বর পর্যন্ত ৭৯টি ককটেল নিক্ষেপের ঘটনায় ৮৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিসেম্বরকে ঘিরেও প্রস্তুতি রয়েছে ডিবির।