মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ

ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এর আগে একই দিন দুই দফায় কাফরুল ও পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান নাছের রিকাবদার বলেন, সন্ধ্যার দিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

এর আগে বুধবার দুপুরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়।

সকালে কাফরুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

শ্রমিকরা স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।