জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. মাহমুদুল হাসান মোড়ল এ আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীকালে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে আবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
এরআগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক অপরাপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছে। যা মামলার তদন্তের স্বার্থে যাচাই বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি নুরুল ইসলাম নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকে প্রতিহত করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে— অপরাধ সংঘটনের জন্য তার নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছে। এমন সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানার এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকাল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন আসামি যোগসাজশে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাথাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মারা যান তিনি।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।